রবিবার, নভেম্বর 22, 2026
19:44:08 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বিষক্রিয়ায় অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র,কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন

হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিষক্রিয়ার উপসর্গের পর বসিরহাট থেকে কলকাতার আর এন টেগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে।

হাসানুজ্জামান,মানুষের মতামত:হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। শনিবার রাতে তাঁর শরীরে বিষক্রিয়ার উপসর্গ দেখা দেয় বলে সূত্রের খবর। অসুস্থ অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় স্যান্ডেলবিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়।

সূত্রের খবর, বসিরহাট হাসপাতালে তাঁকে সিসিইউতে রাখা হয়েছিল। অক্সিজেন ও স্যালাইন সাপোর্টে থাকা অবস্থায় কলকাতার বাইপাসের ধারে আর এন টেগর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বিজেপি বিধায়ক।

কী কারণে তাঁর শরীরে বিষক্রিয়ার উপসর্গ দেখা দিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে। তবে রেখা পাত্রের শারীরিক অবস্থা কিংবা অসুস্থতার কারণ নিয়ে এখনও পর্যন্ত পরিবার, বিজেপি নেতৃত্ব বা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। ফলে তাঁর বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত তথ্য এখনও সামনে আসেনি।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন