ধূপগুড়ির ঝাড় আলতা-২ গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান নির্বাচন ঘিরে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বচসা ও ধস্তাধস্তি। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বিকাশ অধিকারী উপপ্রধান নির্বাচিত হতেই উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে এক বিজেপি কর্মীকে আটক করে পুলিশ।
তপন রায়,মানুষের মতামত:ধূপগুড়ির ঝাড় আলতা-২ গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান নির্বাচন ঘিরে বিজেপির অন্দরে উত্তেজনা ছড়াল। শুক্রবার উপপ্রধানের নাম ঘোষণা হতেই বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। পরে তা ধস্তাধস্তিতে গড়ায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এক বিজেপি কর্মীকে আটক করলেও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
১৪ আসনের এই পঞ্চায়েতে আগে তৃণমূলের দখলে ছিল ১৩টি আসন। বিজেপি জিতেছিল একটি আসনে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের তিন সদস্য বিজেপিতে যোগ দেন। এরপর বিজেপির পপি রায় প্রধান নির্বাচিত হন।
প্রধান নির্বাচনের দিন উপপ্রধান নির্বাচন সম্ভব হয়নি। অবশেষে শুক্রবার উপপ্রধান নির্বাচিত হন বিকাশ অধিকারী, যিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।তাঁর নাম ঘোষণার পরেই দলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়ায়। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের উপস্থিতিতেই ধস্তাধস্তি চলে। ঘটনায় বিজেপির অন্দরের মতবিরোধ প্রকাশ্যে চলে এসেছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
