শনিবার, নভেম্বর 21, 2026
02:16:15 | কলকাতা
সর্বশেষ সংবাদ

উত্তাল দীঘার সমুদ্র! উপকূলে বৃষ্টি, পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা

ঘূর্ণাবর্ত ও গভীর নিম্নচাপের প্রভাবে দীঘা-সহ পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী এলাকায় বৃষ্টি এবং উত্তাল সমুদ্র। পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করে মাইকিং করছে প্রশাসন। উপকূলে ফিরে এসেছে সমস্ত ট্রলার।

রাজকুমার বেরা,মানুষের মতামত:ঘূর্ণাবর্তের প্রভাবে গভীর নিম্নচাপ তৈরি হওয়ায় শুক্রবার সকাল থেকেই দীঘা-সহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। কোথাও ভারী, কোথাও হালকা বৃষ্টির পাশাপাশি সমুদ্রও উত্তাল হয়ে উঠেছে।বড় বড় ঢেউ আছড়ে পড়ছে গার্ডওয়ালে। পরিস্থিতি বিবেচনা করে পর্যটকদের সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

আকাশজুড়ে ঘন কালো মেঘ থাকলেও এখনও পর্যন্ত ঝোড়ো হাওয়ার তেমন প্রকোপ দেখা যায়নি। তবে সমুদ্রের পরিস্থিতি স্বাভাবিক নয়। পর্যটকদের সংখ্যাও তুলনামূলকভাবে অনেকটাই কম।সকাল থেকেই জেলা প্রশাসন, ব্লক প্রশাসন, দীঘা প্রশাসন ও পুলিশ সতর্ক রয়েছে। ঘন ঘন মাইকিং করে পর্যটকদের সাবধান করা হচ্ছে। সমুদ্রের প্রতিটি ঘাট দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে, যাতে কেউ সমুদ্রে নামতে না পারেন। মৎস্যজীবীদেরও সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা ছিল। ইতিমধ্যেই সমস্ত ট্রলার উপকূলে ফিরে এসেছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে মাঝসমুদ্র থেকে এক-দু’দিনের মধ্যেই ফিরে আসতে বাধ্য হওয়ায় মৎস্যজীবী ও ট্রলার মালিকদের বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। মাছ ধরতে না পারায় লক্ষ লক্ষ টাকার লোকসান হতে পারে বলে আশঙ্কা।প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হলেও পর্যটকদের আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হচ্ছে। পরিস্থিতির উপর লাগাতার নজরদারি চালানো হচ্ছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন