বিহারের দ্বারভাঙায় বিজেপি বিধায়ক মৈথিলী ঠাকুর ও তাঁর বাবা রমেশ ঠাকুরের বিরুদ্ধে সরকারি ও ব্যক্তিগত জমি জবরদখলের অভিযোগ। রাস্তা, নিকাশি নালা ও শ্মশানঘাটের জমি নিয়ে প্রশাসনের দ্বারস্থ গ্রামবাসীরা।
স্নেহাশীষ মুখার্জী, মানুষের মতামত:বিহারের দ্বারভাঙায় জমি বিতর্ক ঘিরে নতুন করে চর্চায় বিজেপি বিধায়ক তথা সংগীতশিল্পী মৈথিলী ঠাকুরের পরিবার। মৈথিলী ঠাকুর এবং তাঁর বাবা রমেশ ঠাকুরের বিরুদ্ধে সরকারি ও ব্যক্তিগত জমি দখলের অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্থানীয় গ্রামবাসীদের একাংশ। যদিও এখনও পর্যন্ত এই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি।
গ্রামবাসীদের দাবি, বিতর্কিত জমির তালিকায় রয়েছে গ্রামের দেবতার নামে থাকা জমি, সরকারি রাস্তা, নিকাশি নালা এবং পুকুরভিন্দা পঞ্চায়েত এলাকার একটি শ্মশানঘাট। তাঁদের অভিযোগ, ঠাকুর পরিবারের নির্মিত একটি সীমানা প্রাচীরের জেরে সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াতের পথ কার্যত বন্ধ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, একটি পুকুরের সঙ্গে যুক্ত নিকাশি নালাও মাটি ফেলে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। জমির প্রকৃত মালিকানা এবং সীমানা নির্ধারণের দাবিতে তাঁরা সার্কেল অফিসারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। পাশাপাশি বিহার সরকারের ‘সহযোগ’ পোর্টালেও অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে সরকারি উদ্যোগে জমির মাপজোক করা হোক এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ্যে আনা হোক।
অভিযোগের বিষয়ে সার্কেল অফিসার অলোক কুমার জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপের আগে অভিযোগকারী ও অভিযুক্ত—দু’পক্ষকেই জনতা দরবারে নিজেদের বক্তব্য জানানোর জন্য ডাকা হবে। প্রশাসনের তরফে দুই পক্ষের বক্তব্য শোনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
সব মিলিয়ে, দ্বারভাঙার এই জমি বিতর্কে এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। গ্রামবাসীদের অভিযোগ কতটা সত্য, আর বিতর্কিত জমির প্রকৃত অবস্থান কী—তা নির্ধারিত হবে তদন্ত ও সরকারি মাপজোকের পরেই।
(সূত্র: গুজরাট সমাচার।)
