সোমবার, নভেম্বর 9, 2026
21:30:05 | কলকাতা
সর্বশেষ সংবাদ

দীঘার পর্যটনে শুভেন্দুর মেগা প্ল্যান!উদয়পুর থেকে শৌলা,২৭ কিমি জুড়ে নতুন পর্যটন হাব,কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?

দীঘার পর্যটন মানচিত্রে বড় পরিবর্তনের পরিকল্পনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। উদয়পুর থেকে শৌলা পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটার উপকূলকে উন্নয়ন পর্ষদের আওতায় আনার ঘোষণা। নতুন হোটেল, হোমস্টে, আরতি ঘাট ও হেলিকপ্টার পরিষেবা চালুর উদ্যোগ।

রাজকুমার বেরা, মানুষের মতামত:দীঘার পর্যটন ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পরিকল্পনা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দীঘা, শঙ্করপুর, তাজপুর ও মন্দারমণির পাশাপাশি উদয়পুর থেকে শৌলা পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটার উপকূলবর্তী এলাকাকে দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আওতায় আনার কথা জানালেন তিনি। এই এলাকায় নতুন নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। মেরিন ড্রাইভকে কেন্দ্র করে উপকূলের পর্যটন ব্যবস্থাকে আরও উন্নত করতে চায় রাজ্য সরকার।

সোমবার নিউ দীঘায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত কালীপুজোর মণ্ডপ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। সেখানে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন উন্নয়নের একাধিক পরিকল্পনার কথা জানান তিনি।মুখ্যমন্ত্রী জানান, উপকূলবর্তী এলাকায় নতুন হোমস্টে, ছোট হোটেল এবং পর্যটকদের থাকার জন্য দু’কামরার আবাসন তৈরি করা হবে। পাশাপাশি আরতি ঘাট নির্মাণ, ঝাউবন সংরক্ষণ, ম্যানগ্রোভ গাছ লাগানো এবং রাস্তাঘাটের উন্নয়নের উপর জোর দেওয়া হবে। পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্য আগে চালু থাকা হেলিকপ্টার পরিষেবাও নতুন করে চালু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

পর্যটন কেন্দ্রগুলিতে তোলাবাজি নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, কোনও নেতা বা রাজনৈতিক ব্যক্তির মদতে পর্যটকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠলে সরাসরি তাঁকে জানানো যাবে। পাশাপাশি পুলিশ ও সংশ্লিষ্ট বিধায়কের কাছেও অভিযোগ জানানোর পরামর্শ দেন তিনি। পর্যটন শিল্পের উন্নতির জন্য এমন অনিয়ম বন্ধ করা জরুরি বলেও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।

এদিন রায়গঞ্জের এনকাউন্টার প্রসঙ্গেও মুখ খোলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, অপরাধ দমনে পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। পুলিশের উপর হামলা বা আক্রমণের ঘটনা ঘটলে আইন মেনেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। অন্যদিকে, পুজোর সময় ফুল ছুড়ে পুজো দেওয়ার বিষয়টি নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন তিনি।

কালীপুজোর বাজি ফাটানো নিয়েও নিজের অবস্থান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কিছু জায়গায় রাত দশটার পরেও গ্রিন ক্র্যাকার ফাটানো হয়েছে। পুজোর আনন্দে বাজি ফাটানো নিয়ে কিছু মানুষের আপত্তি এবং তা নিয়ে রাজনীতি করার প্রবণতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে ডিজে বন্ধ রাখা এবং পুলিশি নজরদারি চালিয়ে যাওয়ার কথা জানান।

রাজনৈতিক মঞ্চ থেকেও এদিন দলীয় নেতা-কর্মীদের বার্তা দেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, পূর্ব মেদিনীপুরে ৪৬ শতাংশ মানুষের সমর্থন পেয়ে বিজেপি ১৬টি আসনে জয়ী হয়েছে। আগামী দিনে এই সমর্থন বাড়িয়ে ৭০ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করেছেন তিনি। শুধু নেতাদের মুখ দেখে নয়, এলাকার উন্নয়নের কাজের মাধ্যমে মানুষের সমর্থন অর্জন করতে হবে বলেও দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।সব মিলিয়ে, উদয়পুর থেকে শৌলা পর্যন্ত পর্যটন এলাকার সম্প্রসারণ, নতুন হোটেল ও হোমস্টে তৈরি, হেলিকপ্টার পরিষেবা চালু এবং উপকূলের সৌন্দর্য রক্ষার পরিকল্পনায় দীঘার পর্যটন শিল্পে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। এখন দেখার, ঘোষিত পরিকল্পনাগুলি কত দ্রুত বাস্তবায়িত হয়।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন