প্রায় ১৪ কোটি টাকার দেনা,দেড় কোটি টাকার চেক বাউন্স বিতর্ক ও সভাপতি বদল। আর্থিক সংকটে মহামেডান স্পোর্টিংয়ের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে উদ্বেগ।
বিট্টু রায় চৌধুরী,মানুষের মতামত:একসময় ভারতীয় ফুটবলে দাপটের সঙ্গে রাজত্ব করেছে কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাব। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের পাশাপাশি কলকাতার ফুটবলের অন্যতম প্রধান শক্তি ছিল সাদা-কালো শিবির। কিন্তু সময়ের সঙ্গে পাল্টেছে পরিস্থিতি। প্রশাসনিক টানাপোড়েন, আর্থিক অনটন এবং বিপুল দেনার চাপে এখন অস্তিত্বের সংকটে ঐতিহ্যবাহী এই ক্লাব।
সুলতান আহমেদ ও ইকবাল আহমেদের প্রয়াণের পর ক্লাবের গুরুত্বপূর্ণ দায়িত্বে উঠে আসেন আমিরুদ্দিন ববি। তাঁর সময়েও ক্লাব একাধিক সাফল্য পেলেও আর্থিক সমস্যা ক্রমশ বাড়তে থাকে। ফুটবলারদের বেতন মেটানো এবং নতুন দল গঠন করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে ক্লাব সচিব ওয়াসিম আকরাম স্পনসর ও আর্থিক সহযোগিতার খোঁজে চেষ্টা চালিয়ে যান।
এরপর সভাপতি হিসেবে দায়িত্ব নেন বিধায়ক হুমায়ুন কবীর। তিনি প্রায় ১৪ কোটি টাকার দেনা মেটানোর প্রতিশ্রুতি দেন এবং মোট দেড় কোটি টাকার তিনটি চেক দেন। কিন্তু নির্ধারিত সময়ে ব্যাংকে জমা পড়ার পর তিনটি চেকই বাউন্স করে। এই ঘটনা ঘিরে ক্লাবের অন্দরে বিতর্ক তৈরি হয়। পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই গত আগস্টে সভাপতি পদ থেকে সরতে হয় হুমায়ুন কবীরকে। পরে নতুন সভাপতি হন গজল জাফর।
একসময় রাজ্য সরকারের কাছ থেকে তিন প্রধান ক্লাব বছরে এক কোটি টাকা করে অনুদান পেত। তবে শুধু সরকারি সাহায্যে এই সংকট কাটানো সম্ভব নয়। বড় কর্পোরেট সংস্থার বিনিয়োগ, স্থায়ী স্পনসর এবং আর্থিক শৃঙ্খলাই এখন মহামেডানের ঘুরে দাঁড়ানোর প্রধান ভরসা। প্রশ্ন একটাই, কবে আবার পুরনো গৌরব ফিরে পাবে সাদা-কালো শিবির?
