বীরপাড়ার দিনবাজারের কাছে স্টেট ব্যাঙ্ক গলির পাশে রবিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দু’তিনটি বাড়ির ওপরতলায় আগুন ছড়িয়ে পড়ে। দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে পরিস্থিতি। প্রাণহানির খবর নেই।
তপন রায়,মানুষের মতামত:বীরপাড়ার দিনবাজারে যাওয়ার গলিতে রবিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে ছড়াল তীব্র আতঙ্ক। রাত ন’টার পর স্টেট ব্যাঙ্ক গলির পাশের একটি সরু গলিতে দু’তিনটি বাড়ির ওপরতলায় আচমকাই আগুন লাগে। ওই অংশে গুদামঘর থাকায় মজুত সামগ্রীর কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বীরপাড়া দমকল কেন্দ্রের কর্মীরা। স্থানীয়দের প্রাথমিক অনুমান, দীপাবলির বাজি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। যদিও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখছে দমকল দপ্তর।
দমকলকর্মীদের তৎপরতা এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে খবর, ঘটনায় কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই। ঘিঞ্জি বাজার এলাকায় বড় বিপদ এড়ানোয় অবশেষে স্বস্তি ফিরেছে বীরপাড়ায়।
