পশ্চিমবঙ্গে চালু হল West Bengal Homestay Portal। এবার অনলাইনে হোমস্টে রেজিস্ট্রেশন, নথি জমা,সরকারি পরিদর্শন ও ডিজিটাল সার্টিফিকেট পাওয়ার সুযোগ।যোগ্য হোমস্টের জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। এবার থেকে হোমস্টে রেজিস্ট্রেশনের জন্য আর সরকারি দফতরে বারবার ছুটতে হবে না। আবেদন, নথি জমা, পরিদর্শন থেকে শুরু করে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়া—পুরো প্রক্রিয়াই সম্পন্ন হবে অনলাইনে। বৃহস্পতিবার, ৫ নভেম্বর কলকাতার উদয়াচল WBTDCL-এ পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের উদ্যোগে চালু হল নতুন West Bengal Homestay Portal।
পর্যটন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডাঃ শঙ্কর ঘোষ আনুষ্ঠানিকভাবে এই পোর্টালের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং পর্যটন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বরুণ কুমার রায়।
নতুন পোর্টালের মাধ্যমে হোমস্টে মালিকরা অনলাইনে আবেদন, প্রয়োজনীয় নথি আপলোড এবং আবেদনের অগ্রগতি জানতে পারবেন। জেলা স্তরের পরিদর্শন কমিটিও অনলাইনে পরিদর্শনের রিপোর্ট জমা দেবে। অনুমোদন মিললে ডিজিটাল শংসাপত্র ডাউনলোড করা যাবে।
সবচেয়ে বড় আকর্ষণ, পশ্চিমবঙ্গ হোমস্টে নীতি অনুযায়ী, অনুমোদিত ও নিবন্ধিত হোমস্টেগুলি পরিকাঠামো উন্নয়নের জন্য দুই কিস্তিতে ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য।
দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স, সুন্দরবন থেকে জঙ্গলমহল—রাজ্যের পর্যটন মানচিত্রে হোমস্টে শিল্পকে আরও শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
পোর্টাল: https://wb tourism.gov.in/home-stay/
