ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা। সুমিত রায়কে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালায় পুলিশ। টাকার উৎস ও লেনদেন খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
তাপস চক্রবর্তী,মানুষের মতামত:দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা। কার্যালয়টি মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রের দাবি, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্তসহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতেই ওই কার্যালয়ে তল্লাশি চালানো হয়। বুধবার সাংবাদিক বৈঠক করে উদ্ধার হওয়া টাকার পরিমাণের কথা জানান ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার।
এত বিপুল পরিমাণ নগদ টাকা দলীয় কার্যালয়ে কীভাবে এল, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। টাকার উৎস কী, কারা এই অর্থের সঙ্গে যুক্ত এবং কোনও বেআইনি লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।
