পশ্চিমবঙ্গ বিধানসভায় শুভ বিজয়ার অনুষ্ঠানে কর্মীদের মতামত ও পরামর্শ জানতে Suggestion Dropbox চালুর ঘোষণা করলেন অধ্যক্ষ রথীন্দ্র বোস। নাম প্রকাশ না করেও পরামর্শ জমা দিতে পারবেন কর্মীরা।
তাপস চক্রবর্তী,মানুষের মতামত:শুভ বিজয়ার আবহে সৌজন্য বিনিময়ের পাশাপাশি বিধানসভার প্রশাসনিক ব্যবস্থাকে আরও উন্নত করার বার্তা দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় কর্মীবৃন্দের সঙ্গে শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও সৌজন্য বিনিময় করেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়।
এই সৌজন্য সাক্ষাতের মধ্যেই বিধানসভার কাজকর্মকে আরও সুষ্ঠু, সুন্দর ও কার্যকর করে তোলার লক্ষ্যে একটি বিশেষ উদ্যোগের কথা ঘোষণা করেন অধ্যক্ষ। তিনি জানান, বিধানসভার কর্মীদের মতামত ও গঠনমূলক পরামর্শকে গুরুত্ব দিতে চালু করা হবে ‘Suggestion Dropbox’।এই ব্যবস্থার মাধ্যমে বিধানসভার কর্মীরা তাঁদের কাজের অভিজ্ঞতা থেকে উঠে আসা বিভিন্ন পরামর্শ ও প্রস্তাব জমা দিতে পারবেন। বিশেষ বিষয় হল, কর্মীরা চাইলে নিজেদের নাম ও পরিচয় উল্লেখ করে অথবা সম্পূর্ণ পরিচয় গোপন রেখেও তাঁদের মতামত জানাতে পারবেন।
বিধানসভার দৈনন্দিন কাজকর্মে কোথায় কী ধরনের পরিবর্তন প্রয়োজন, কীভাবে কর্মপরিবেশ আরও উন্নত করা যায় এবং প্রশাসনিক প্রক্রিয়াকে কীভাবে আরও গতিশীল ও কার্যকর করে তোলা সম্ভব—সেই সমস্ত বিষয়ে কর্মীদের কাছ থেকে সরাসরি পরামর্শ পাওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।অধ্যক্ষের এই উদ্যোগের মাধ্যমে বিধানসভার কর্মীদের প্রশাসনিক ব্যবস্থার উন্নয়নে আরও সক্রিয়ভাবে যুক্ত করার বার্তা উঠে এসেছে। কর্মীদের অভিজ্ঞতা ও বাস্তব সমস্যার কথা সরাসরি জানার সুযোগ তৈরি হলে ভবিষ্যতে বিধানসভার কাজের মান আরও উন্নত হতে পারে বলেই মনে করা হচ্ছে।
