বুধবার, নভেম্বর 4, 2026
19:41:00 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বিকট শব্দে অতিষ্ঠ শহরবাসী! কোচবিহারে রোলার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হল ১০০টি মডিফাই সাইলেন্সার

বিকট শব্দ ও শব্দদূষণ রুখতে কোচবিহারে বড় পদক্ষেপ জেলা পুলিশের। বাজেয়াপ্ত প্রায় ১০০টি অবৈধ মডিফাই সাইলেন্সার রোলার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হল।

তপন রায়,মানুষের মতামত:বিকট শব্দে অতিষ্ঠ সাধারণ মানুষকে স্বস্তি দিতে বড়সড় পদক্ষেপ কোচবিহার জেলা পুলিশের। বেআইনিভাবে বাইকে লাগানো মডিফাই সাইলেন্সারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা প্রায় ১০০টি সাইলেন্সার রোলার চালিয়ে গুঁড়িয়ে দিল পুলিশ। বুধবার কোচবিহার শহরের সুনীতি রোড সংলগ্ন এলাকায় এই কর্মসূচি গ্রহণ করা হয়।

শহরের বিভিন্ন রাস্তায় একাধিক বাইকে মডিফাই সাইলেন্সার ব্যবহার করে বিকট শব্দে দাপিয়ে বেড়ানোর অভিযোগ দীর্ঘদিনের। এর ফলে পথচলতি মানুষ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের চরম সমস্যার মুখে পড়তে হয়। বিশেষ করে অপ্রয়োজনীয় উচ্চ শব্দে অতিষ্ঠ হয়ে উঠছিলেন সাধারণ মানুষ। এই অভিযোগের ভিত্তিতে একাধিকবার অভিযান চালিয়েছে কোচবিহার সদর ট্রাফিক পুলিশ। অভিযানে আটক করা হয় বেশ কয়েকটি বাইক এবং খুলে নেওয়া হয় অবৈধ মডিফাই সাইলেন্সার।

এবার বাজেয়াপ্ত সেই সাইলেন্সারগুলিকেই স্থায়ীভাবে নষ্ট করার উদ্যোগ নিল জেলা পুলিশ। এদিন রোলার চালিয়ে প্রায় ১০০টি সাইলেন্সার গুঁড়িয়ে দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক বিক্রম প্রসাদ, ট্রাফিক ওসি সুরেশ দাস, ট্রাফিক ইন্সপেক্টর-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।পুলিশ সূত্রে খবর, আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। শহরের রাস্তায় শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের স্বস্তি ফেরাতেই পুলিশের এই কড়া পদক্ষেপ।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন