বৃহস্পতিবার, অক্টোবর 29, 2026
15:26:59 | কলকাতা
সর্বশেষ সংবাদ

টোটো সামলাতে গিয়েই বিপদ!আলুর বস্তা ও গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু মালিকের

ধূপগুড়ি থেকে গয়েরকাটাগামী রাস্তায় আলু বোঝাই টোটো উল্টে মৃত্যু হল সমরেশ দত্তের (৫১)। টোটো সামলাতে গিয়ে গাড়ি ও আলুর বস্তার নিচে চাপা পড়েন তিনি।

তপন রায়,মানুষের মতামত:আলু বোঝাই টোটো উল্টে মর্মান্তিক মৃত্যু হল টোটোর মালিকের। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থেকে গয়েরকাটাগামী রাস্তায়। মৃতের নাম সমরেশ দত্ত (৫১)। এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, আলুর বস্তা বোঝাই একটি টোটো আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার উপক্রম হয়। সেই সময় টোটোটিকে সামলানোর চেষ্টা করেন সমরেশবাবু। কিন্তু মুহূর্তের মধ্যেই ঘটে বিপত্তি। ভারী আলুর বস্তা-সহ গোটা টোটোটি তাঁর শরীরের উপর উল্টে পড়ে। গাড়ি ও বস্তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতের ভাগ্নে সুমন দত্ত জানান, উল্টে যাওয়া টোটোটি ধরতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন তাঁর মামা। আচমকা এই ঘটনায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এলাকাজুড়েও নেমে এসেছে শোকের ছায়া। কীভাবে টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল,তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন