বৃহস্পতিবার, অক্টোবর 29, 2026
07:22:50 | কলকাতা
সর্বশেষ সংবাদ

গাছের ডালে টংঘর, মাঠে রাতপাহারা!পাকা ধান বাঁচাতে ঘুম উড়েছে ডুয়ার্সের চাষিদের

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:ডুয়ার্সের মাঠজুড়ে এখন পাকা ধান। সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলার মুখে বুনো হাতির হানায় দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। ফসল বাঁচাতে কোথাও গাছের ডালে তৈরি হয়েছে অস্থায়ী টংঘর, কোথাও আবার মাঠের ধারে দল বেঁধে রাত জেগে পাহারা দিচ্ছেন চাষিরা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত দু’সপ্তাহ ধরে জলপাইগুড়ির নাগরাকাটা, বানারহাট ও ধূপগুড়ি ব্লকের বিভিন্ন বনবস্তিতে হাতির উপদ্রব বেড়েছে। সন্ধ্যা নামলেই লোকালয়ের কাছে চলে আসছে হাতি। ধানখেতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সবজির জমিও। ইতিমধ্যেই বিঘার পর বিঘা ফসল নষ্ট হয়েছে বলে দাবি কৃষকদের।

ধূপগুড়ির খট্টিমারি, বানারহাটের ধানিঝোরা এবং নাগরাকাটার খেরকাটা বনবস্তিতে একই ছবি। কৃষকদের অভিযোগ, বনকর্মীরা হাতি তাড়িয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে আসছে হাতির দল। ফলে বাধ্য হয়ে নিজেদের উদ্যোগেই রাতভর পাহারা দিতে হচ্ছে তাঁদের।মোরাঘাট মোবাইল স্কোয়াড সূত্রে খবর, নিয়মিত টহল চলছে। জলপাইগুড়ি বন বিভাগের এডিএফও জয়ন্ত মণ্ডল জানিয়েছেন, নজরদারির পাশাপাশি কুইক রেসপন্স টিমও গঠন করা হয়েছে। তবে একাধিক এলাকায় একসঙ্গে হাতির হানা সামলাতে সমস্যা হচ্ছে।

কৃষকদের দাবি, দ্রুত বনকর্মীদের পৌঁছনোর ব্যবস্থা এবং ফসলের ক্ষতিতে কার্যকর সহায়তা নিশ্চিত করতে হবে। তাঁদের আশঙ্কা, অবশিষ্ট ফসলও নষ্ট হলে বহু পরিবার আর্থিক সংকটে পড়বে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন