দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদিতে সিপিএমের পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ। টিভি,চেয়ার,টেবিল ভাঙচুরের দাবি। বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার।
স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদি এলাকায় সিপিএমের পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার রাতে দুষ্কৃতীরা দলীয় কার্যালয়ে ঢুকে তাণ্ডব চালায় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় টিভি, চেয়ার, টেবিল ও আলমারি। এমনকী সুইচবোর্ড থেকে বৈদ্যুতিক তার ছিঁড়ে ফেলা এবং সিলিং ফ্যান খুলে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।
ঘটনাকে ঘিরে শনিবার সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। সিপিএম নেতৃত্বের অভিযোগ, বিজেপির আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা ও ভাঙচুরের পিছনে রয়েছে। যদিও সিপিএমের তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ফলে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে এখনও পর্যন্ত হামলার নেপথ্যে কারা রয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। ঘটনার তদন্ত ও দোষীদের চিহ্নিত করার দাবি উঠেছে স্থানীয় রাজনৈতিক মহলে।
