পূর্ব মেদিনীপুরের এগরা ১ নম্বর ব্লকের আমদেই গ্রামের খাল থেকে ১৩ বছরের কিশোরী শ্রাবন্তী হাঁসদার মৃতদেহ উদ্ধার। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।
রাজকুমার বেরা,মানুষের মতামত:এগরা ১ নম্বর ব্লকের আমদেই গ্রামের একটি খাল থেকে ১৩ বছরের কিশোরীর ভাসমান মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কিশোরীর নাম শ্রাবন্তী হাঁসদা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার আচমকাই নিখোঁজ হয়ে যায় সে। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি। মঙ্গলবার বিকেল ৪টা নাগাদ গ্রামের পাশের খালে স্থানীয় বাসিন্দারা কিশোরীর দেহ ভাসতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এগরা থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়দের দাবি, কিশোরীটি মানসিক ভারসাম্যহীন ছিল। তবে কীভাবে তার মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনাবশত জলে পড়ে মৃত্যু, নাকি ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিয়ে কিছু বলতে নারাজ তদন্তকারীরা।
