হিঙ্গলগঞ্জে বাইক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর পর ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিয়ে যাওয়ার পথেই ফের দুর্ঘটনা। টাকি রোডে নয়ানজুলিতে পড়ল মৃতদেহবাহী ইঞ্জিনভ্যান।
হাসানুজ্জামান,মানুষের মতামত:বসিরহাটের হিঙ্গলগঞ্জে এক ব্যক্তিকে ঘিরে পরপর দু’বার দুর্ঘটনা। প্রথমে বাইক দুর্ঘটনায় মৃত্যু, আর সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার পথেই ফের দুর্ঘটনার কবলে পড়ল মৃতদেহবাহী ইঞ্জিনভ্যান। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হিঙ্গলগঞ্জ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জে একটি মর্মান্তিক বাইক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল একটি ইঞ্জিনভ্যানে করে।টাকি রোডের পাতিলচন্দ্র এলাকায় একটি লরিকে ওভারটেক করার সময় বিপত্তি ঘটে। অভিযোগ, লরিটির পাশে ধাক্কা লাগার পর নিয়ন্ত্রণ হারিয়ে মৃতদেহবাহী ইঞ্জিনভ্যানটি রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায়। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে চালককে উদ্ধার করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিনি গুরুতর আহত হননি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নয়ানজুলি থেকে মৃতদেহ উদ্ধার করে। পরে ফের ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।এদিকে দুর্ঘটনার পর লরিটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযুক্ত লরির সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।একই ব্যক্তির মৃত্যুর পর ময়নাতদন্তের পথেও ফের দুর্ঘটনা—পরপর এমন ঘটনায় এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য ও শোক।
