বুধবার, অক্টোবর 7, 2026
03:57:48 | কলকাতা
সর্বশেষ সংবাদ

নির্বাচন কমিশনের বিরুদ্ধে পথে ‘ইন্ডিয়া’ জোট,রাহুল-অভিষেক-প্রিয়াঙ্কাদের বিক্ষোভ

ভোটার তালিকা সংশোধন নিয়ে দিল্লিতে বিক্ষোভ ‘ইন্ডিয়া’ জোটের। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পথে রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা গান্ধী-সহ বিরোধী সাংসদরা।

স্নেহাশিস মুখার্জি, মানুষের মতামত:ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া বা এসআইআর-কে কেন্দ্র করে ফের উত্তপ্ত জাতীয় রাজনীতি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে মঙ্গলবার দিল্লিতে মিছিল করল ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা। সংসদ ভবনের মকর দ্বার থেকে নির্বাচন কমিশনের সদর দফতর, নির্বচন সদনের উদ্দেশে মিছিল শুরু হয়।

মিছিলে নেতৃত্ব দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব-সহ বিরোধী দলের একাধিক সাংসদ। বিক্ষোভকারীদের হাতে ছিল ‘গণতন্ত্র রক্ষা’র স্লোগান লেখা পোস্টার। তবে নির্বাচন কমিশনের দফতরের দিকে এগোনোর আগেই মিছিল আটকে দেয় পুলিশ। নয়াদিল্লির নীতি আয়োগের কাছে ব্যারিকেড দিয়ে তাঁদের পথ রুখে দেওয়া হয়। এরপর রাস্তায় বসে ধর্নায় অংশ নেন বিরোধী সাংসদরা। পরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করা হয় বলে খবর।

এসআইআর-এ অনিয়মের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব বিরোধীরা। তাঁদের দাবি, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়নি। অন্যদিকে নির্বাচন কমিশন এই ধরনের অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এসআইআর সংক্রান্ত সিদ্ধান্ত আইন ও নির্ধারিত প্রক্রিয়া মেনেই নেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে মঙ্গলবার দিল্লির রাজনৈতিক মহলে উত্তেজনা আরও বাড়ল। আগামী দিনে এসআইআর বিতর্ক কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন