পুজোর আগে শুভেন্দু সরকারের মন্ত্রিসভায় একাধিক বড় সিদ্ধান্ত। কর্মবন্ধুদের বেতন ৫ হাজার থেকে বেড়ে ৮ হাজার, আইসিডিএস কর্মীদের ভাতা ৮ হাজার থেকে ১০ হাজার। সরকারি চাকরিতে নতুন নিয়োগের ঘোষণাও।
দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:পুজোর আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কর্মবন্ধুদের মাসিক বেতন ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করা হয়েছে। পুজোর মাস থেকেই এই বর্ধিত টাকা কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এছাড়া ICDS কর্মীদের ভাতাও ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে। তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের যে পড়ুয়ারা হস্টেলে থেকে পড়াশোনা করেন, তাঁদের খাবারের বরাদ্দও বাড়ানো হয়েছে। আগে ১,৮০০ টাকা দেওয়া হত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা ৩,৩০০ টাকা করা হয়েছে। নভেম্বর মাস থেকে এই বর্ধিত বরাদ্দ পাওয়ার কথা।মুখ্যমন্ত্রী আরও জানান, ভগিনী নিবেদিতার নামে একটি নতুন প্রকল্প চালু করা হচ্ছে।
সরকারি চাকরি নিয়েও বড় ঘোষণা করা হয়েছে। বিভিন্ন দফতর মিলিয়ে ১৪,৪৫৪টি নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন ও পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ হবে। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে বিভিন্ন স্তরের পরীক্ষা শেষ করে নিয়োগপত্র দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।এছাড়া ১১ অক্টোবর দেবীপক্ষের শুরুতে পুলিশের প্রথম ব্যাচের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কথাও জানানো হয়েছে।
