উপনির্বাচনের আগের দিন নন্দীগ্রাম থানার আইসি বদল করল নির্বাচন কমিশন। অজয় কুমার মিশ্রের জায়গায় নতুন আইসি হিসেবে দায়িত্ব পাচ্ছেন দেবাশিস সরকার।
তাপস চক্রবর্তী,মানুষের মতামত:উপ-নির্বাচনের ঠিক আগের দিন নন্দীগ্রাম থানার আইসি বদল করল নির্বাচন কমিশন। বর্তমান ওসি অজয় কুমার মিশ্রের জায়গায় নতুন ইনস্পেক্টর-ইন-চার্জ হিসেবে দেবাশিস সরকারকে নিয়োগের অনুমোদন দিয়েছে কমিশন। সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে এই সিদ্ধান্ত জানানো হয়।
কমিশনের নির্দেশ, অবিলম্বে নতুন দায়িত্বে যোগ দিতে হবে দেবাশিস সরকারকে। পাশাপাশি, তিনি দায়িত্ব নিয়েছেন— এমন কমপ্লায়েন্স রিপোর্টও সোমবার সন্ধ্যার মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে দেবাশিস সরকার পূর্ব মেদিনীপুরের ট্র্যাফিক কন্ট্রোল রুমে ইনস্পেক্টর পদে কর্মরত।রাজ্যের তরফে গত ৩০ সেপ্টেম্বর নন্দীগ্রাম থানার আইসি বদলের প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই প্রস্তাব খতিয়ে দেখেই কমিশনের এই অনুমোদন।
রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর নন্দীগ্রামে উপনির্বাচনের আগে এই বদল তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রশাসনিক নিরপেক্ষতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর কমিশনের বাড়তি নজরদারির ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে এই সিদ্ধান্তকে।
