মঙ্গলবার, অক্টোবর 6, 2026
04:09:00 | কলকাতা
সর্বশেষ সংবাদ

রাত পোহালেই নন্দীগ্রামে ভোট! ইভিএম হাতে বুথের পথে ভোটকর্মীরা,৭৯ স্পর্শকাতর বুথে কড়া নজর

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে ইভিএম ও ভোটসামগ্রী নিয়ে বুথের পথে ভোটকর্মীরা। নিরাপত্তায় ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী,নজরে স্পর্শকাতর বুথ।

রাজকুমার বেরা,মানুষের মতামত:রাত পোহালেই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন। এই কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৬৬ হাজার ৪১৯ জন। ভোটগ্রহণ হবে মোট ৩২৩টি বুথে। এর মধ্যে ৭৯টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

নিরাপত্তার জন্য মোতায়েন থাকছে ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি নাকা চেকিং, রুট মার্চ, টহলদারি ও এলাকা দখল কর্মসূচি জোরদার করা হয়েছে। কিউআরটি, সেক্টর ফোর্স-সহ বিশেষ বাহিনীও সক্রিয় থাকবে। ৭৭ ও ৭৮ নম্বর বুথ মহিলা পরিচালিত বুথ হিসেবে রাখা হয়েছে।

এদিন সকাল থেকেই নন্দীগ্রাম-২ ব্লকের রেয়াপাড়ায় শিবমন্দির সংলগ্ন মাঠের ক্যাম্প থেকে ভোটকর্মীদের হাতে তুলে দেওয়া হয় ইভিএম ও অন্যান্য প্রয়োজনীয় ভোটসামগ্রী। রেয়াপাড়ার একটি বেসরকারি বিএড কলেজে তৈরি করা হয়েছে ডিসি-আরসি সেন্টার। সেখান থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা দেন ভোটকর্মীরা। প্রশাসনের দাবি, কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট সম্পন্ন করতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন