শুক্রবার, সেপ্টেম্বর 25, 2026
23:00:07 | কলকাতা
সর্বশেষ সংবাদ

লাইসেন্স নেই,জরাজীর্ণ ভবন!হাই কোর্টের নির্দেশে সিল ‘মা সারদা নার্সিংহোম’

পূর্ব মেদিনীপুরের এগরায় হাই কোর্টের নির্দেশে ‘মা সারদা নার্সিংহোম’ সিল করল পুরসভা ও পুলিশ। বৈধ লাইসেন্স ও অনুমতি না থাকার অভিযোগ।

রাজকুমার বেরা,মানুষের মতামত:হাই কোর্টের নির্দেশে পূর্ব মেদিনীপুরের এগরায় একটি বেআইনি নার্সিংহোম সিল করে দিল এগরা পুরসভা ও পুলিশ প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এগরা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে ‘মা সারদা নার্সিংহোম’ নামে ওই প্রতিষ্ঠানটি ২০০৯ সাল থেকে একটি জরাজীর্ণ ও বিপজ্জনক ভবনে চলছিল। অভিযোগ, প্রয়োজনীয় ল্যাবরেটরি ও চিকিৎসা সংক্রান্ত অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে নার্সিংহোমটি পরিচালিত হচ্ছিল।

২০২৩ সালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করে এগরা পুরসভা। পরে বিষয়টি আদালতের নজরে আসে। অবশেষে হাই কোর্টের নির্দেশ কার্যকর করতে বৃহস্পতিবার যৌথ অভিযান চালায় পুরসভা ও পুলিশ প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছে নার্সিংহোমটি সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়।

এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন কুমার নায়ক জানান,ওই প্রতিষ্ঠানের বৈধ ট্রেড লাইসেন্স ও ফায়ার সেফটি লাইসেন্স ছিল না।পাশাপাশি,ভবনটির অবস্থাও অত্যন্ত বিপজ্জনক ছিল। যেকোনও সময়ে সেটি ভেঙে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা ছিল। আদালতের নির্দেশ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে মালিকের ছেলে বিশ্বজিৎ দাস ‘মানুষের মতামত’-কে জানান, আদালতের নির্দেশ অনুযায়ী সাত দিনের জন্য সিল করার প্রক্রিয়া চলছে। সরকারি আধিকারিক ও পুরসভার কর্মীরা এসেছেন। তাঁদের কাজে আমরা সম্পূর্ণ সহযোগিতা করছি।

Share with

Related Stories -