কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় নভেম্বরের শেষ সপ্তাহে ভোটের প্রস্তুতি। কেন্দ্রীয় বাহিনীর বদলে রাজ্য বাহিনী ব্যবহারের ভাবনা নিয়ে আলোচনা চলছে।
প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:কেন্দ্রীয় বাহিনীর বদলে রাজ্য পুলিশ দিয়েই আসন্ন পুরভোট পরিচালনার পক্ষে প্রাথমিকভাবে মত জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের যুক্তি, এতে অতিরিক্ত খরচ কমবে এবং নভেম্বরের শেষ দিকে স্কুলে পরীক্ষা ও পঠনপাঠনে কেন্দ্রীয় বাহিনীর জন্য স্কুল ব্যবহার নিয়ে জটিলতাও এড়ানো যাবে। কমিশন জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পর নেওয়া হবে।
কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং ও কার্শিয়ং—এই সাত পুরসভায় নভেম্বরের শেষ সপ্তাহে ভোটের প্রস্তুতি চলছে। সাত পুরসভায় মোট প্রায় ৬৩০০ বুথে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে কমিশন।
কলকাতা ও হাওড়ায় ৭ অক্টোবর এবং বাকি পুরসভাগুলিতে ৬ অক্টোবর সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশের প্রস্তুতি রয়েছে। ভোটের দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। বিভিন্ন রিপোর্টে নভেম্বরের শেষ সপ্তাহে ভোটের সম্ভাবনার কথা উঠে এসেছে।
