জলপাইগুড়ি জিলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বাড়ইকে মেটেলি সরকারি মডেল স্কুলে বদলি করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। সরকারি নির্দেশে বদলির কারণ হিসেবে ‘Interest of Public Service’ উল্লেখ করা হয়েছে।

তপন রায়,মানুষের মতামত:জলপাইগুড়ি জিলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বাড়ইকে বদলি করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। বৃহস্পতিবার জারি হওয়া নির্দেশ অনুযায়ী, তাঁকে মালবাজার মহকুমার মেটেলি সরকারি মডেল স্কুলে পাঠানো হয়েছে। সরকারি নির্দেশে বদলির কারণ হিসেবে ‘জনস্বার্থে’ বা ‘Interest of Public Service’-এর কথা উল্লেখ করা হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর শিক্ষক দিবসের বিশেষ খাওয়াদাওয়াকে কেন্দ্র করে জিলা স্কুলে উত্তেজনা ছড়ায়। প্রধান শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে হাতাহাতির অভিযোগ ওঠে। ঘটনায় প্রধান শিক্ষক আহত হন এবং চার ছাত্রকে টিসি দেওয়ার পাশাপাশি পুলিশি ব্যবস্থাও নেওয়া হয়।
ঘটনার পর শিক্ষা দফতরের তরফে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার সেই ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই প্রধান শিক্ষকের বদলির নির্দেশ সামনে এল। নতুন নির্দেশে সহকারী প্রধান শিক্ষক দীনবন্ধু ঘোষ প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন বলে জানা গিয়েছে।
