বুধবার, সেপ্টেম্বর 23, 2026
03:36:59 | কলকাতা
সর্বশেষ সংবাদ

সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে কোথায় গেল দামি যন্ত্রাংশ? ১২ জেলার ৬৪ কেন্দ্রে ‘চুরি’, এফআইআরের নির্দেশ

Newsস্বাস্থ্য

রাজ্যের ১২ জেলার ৬৪টি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সরঞ্জামের যন্ত্রাংশ উধাও হওয়ার অভিযোগ। হাওড়ার ২৫টি স্বাস্থ্যকেন্দ্রের নাম তালিকায়। এফআইআরের নির্দেশ স্বাস্থ্য দফতরের।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:রাজ্যের ১২ জেলার মোট ৬৪টি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে দামি চিকিৎসা সরঞ্জামের যন্ত্রাংশ উধাও হওয়ার অভিযোগ ঘিরে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। ঘটনায় সংশ্লিষ্ট জেলাগুলির মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, কোভিড মোকাবিলায় ২০২১-২২ সালে গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করতে পঞ্চদশ অর্থ কমিশন ও জাতীয় স্বাস্থ্য মিশনের বরাদ্দে ওই চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছিল। তালিকায় রয়েছে ৫০টি উপ-স্বাস্থ্যকেন্দ্র, ১৩টি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র।অভিযোগের তালিকায় শীর্ষে রয়েছে হাওড়া। জেলার ২৫টি স্বাস্থ্যকেন্দ্রে যন্ত্রাংশ উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে সাঁকরাইলের ১৮টি এবং শ্যামপুর-২ ব্লকের সাতটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে।

সরঞ্জাম রক্ষণাবেক্ষণ নিয়ে ২০২৪ সালেই জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সতর্ক করেছিল জাতীয় স্বাস্থ্য মিশন। তারপরও কীভাবে সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে দামি যন্ত্রাংশ উধাও হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যাঁদের হেফাজতে সরঞ্জাম ছিল, তাঁদের দায়িত্বও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। গাফিলতি প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা এবং প্রয়োজনে দায়ী ব্যক্তিদের বেতন থেকে ক্ষতিপূরণ আদায়ের কথাও জানিয়েছে স্বাস্থ্য দফতর।

Share with