প্রথম কোচবিহার সফরেই উন্নয়নের রোডম্যাপ, বিমানবন্দর-পর্যটন নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
কোচবিহারে প্রথম সফরে প্রশাসনিক বৈঠক করলেন শুভেন্দু অধিকারী।বিমানবন্দর, যোগাযোগ ব্যবস্থা, পর্যটন ও পরিকাঠামো উন্নয়নে একাধিক পরিকল্পনা নিয়ে আলোচনা।
তপন রায়,মানুষের মতামত:মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার কোচবিহার সফরে এসে জেলার উন্নয়ন নিয়ে একাধিক পরিকল্পনার কথা জানালেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কোচবিহার বিমানবন্দরে পৌঁছে তিনি প্রথমে যান ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে। সেখানে পুজো ও অঞ্জলি দেওয়ার পর রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠকে যোগ দেন তিনি।
বৈঠকে জেলার পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, পর্যটন, জাতীয় সড়ক, পুরসভা এবং বিমানবন্দর সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কোচবিহার বিমানবন্দরকে কেন্দ্রীয় ‘উড়ান’ প্রকল্পের আওতায় আনার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি উত্তরবঙ্গের প্রাকৃতিক ও ধর্মীয় পর্যটনকে আরও প্রসারিত করার পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী।
কোচবিহারকে গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে উন্নত যোগাযোগ ব্যবস্থা, রেল-বিমান-বাস পরিষেবা এবং পর্যটকদের জন্য গেস্ট হাউজ তৈরির উপরও জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে দিনভর কড়া নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা ছিল।
