রাতভর স্পিডবোটে তল্লাশি,তবু মিলল না হদিশ!মান্দারমণির সমুদ্রে কী ঘটেছিল?
মান্দারমণিতে উত্তাল সমুদ্রে তলিয়ে গিয়ে ১০ বছরের বালকের মৃত্যু। নিখোঁজ নদিয়ার দম্পতি।তাজপুরের জলধা এলাকায় উদ্ধার বৃষ্টির দেহ,সুমনের খোঁজে তল্লাশি চলছে।
রাজকুমার বেরা,মানুষের মতামত:মান্দারমণিতে সমুদ্রস্নানে নেমে মর্মান্তিক দুর্ঘটনা।উত্তাল সমুদ্রে তলিয়ে যান নদিয়ার এক দম্পতি ও ১০ বছরের এক বালক। কর্তব্যরত নুলিয়ারা বালক সোমনাথ হালদারকে উদ্ধার করে বড়রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিখোঁজ হন শান্তিপুরের বাগদেবীপুরের সুমন শীল ও বৃষ্টি শীল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতভর স্পিডবোট নিয়ে দু’জনের খোঁজে তল্লাশি চালানো হয়। মঙ্গলবার দুপুরে তাজপুরের জলধা সংলগ্ন এলাকা থেকে বৃষ্টি শীলের দেহ উদ্ধার করা হলেও সুমন শীলের এখনও সন্ধান মেলেনি। তাঁর খোঁজে তল্লাশি চলছে।
ঘটনার পর পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। অভিযোগ, মান্দারমণির দুটি ঘাটের মাঝের তুলনামূলক নির্জন এলাকাতেও পর্যটকেরা সমুদ্রস্নানে নামছেন। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার জানিয়েছেন, দুর্ঘটনা এড়াতে ওই সমস্ত এলাকায় পুলিশের নজরদারি আরও বাড়ানো হচ্ছে। পাশাপাশি পর্যটকদের সতর্কতা মেনে সমুদ্রে নামার পরামর্শ দেওয়া হয়েছে।
