মঙ্গলবার, নভেম্বর 10, 2026
03:45:09 | কলকাতা
সর্বশেষ সংবাদ

তোলাবাজি-হিংসার অভিযোগে অস্বস্তি? বাংলার বিজেপি নিয়ে কেশব ভবনের নজরে একাধিক প্রশ্ন

ক্ষমতায় আসার পর বিজেপির ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ; দলের ভাবমূর্তি ও জনসমর্থন নিয়ে সংঘের অন্দরে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি সূত্রের।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণবঙ্গ শাখার প্রধান কার্যালয় হলো উত্তর কলকাতার কেশব ভবন।বিডন স্ট্রিটের কেশব ভবনে দক্ষিণবঙ্গের আরএসএস কর্তারা বসেন।এখানে দলের সাংগঠনিক কাজ চলে।বিভিন্ন শাখা সংগঠনের রিপোর্ট সংগ্রহ করা হয়।কেশব ভবনেই অনেক বয়স্ক অবসরপ্রাপ্ত আরএসএস নেতাও বসবাস করেন। তাদের দেখাশোনা করেন স্বয়ংসেবকরা।

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের পর কেশব ভবনে যে উল্লাস দেখা দিয়েছিল চার মাসের মধ্যেই সেই উল্লাস উদ্বেগ এবং ক্ষোভে পরিণত হয়েছে। রাজ্যের বিভিন্ন অংশে যেভাবে বিজেপির নামে তোলাবাজি,গুন্ডামি শুরু হয়েছে তাতে প্রবল অস্বস্তিতে কেশব ভবনের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্তারা।জিষ্ণু বসু সহ সংঘের শীর্ষ নেতারা রাজ্যজুড়ে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যথেষ্ট ক্ষুব্ধ।তারা মনে করেন এভাবে চললে বিজেপির জনসমর্থন দ্রুত কমে যাবে।এরই মধ্যে জনসমর্থন কমার ইঙ্গিত পেতে শুরু করেছেন আরএসএস-র কেশব ভবনের কর্তারা।এ নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় আরএসএস কর্তাদের কাছেও তারা প্রাথমিক রিপোর্ট পাঠিয়েছেন।

বিজেপির অন্দরে যেভাবে বিরোধী-শূন্য রাজনীতি করার প্রবণতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের অফিসে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনা চালানো হচ্ছে তাতেও যথেষ্ট উদ্বেগে আরএসএস-এর কর্তারা। তারা মনে করেন যে নীতিগত রাজনীতি থেকে সরে এটা কার্যত তৃণমূল ও সিপিএম-এর আমলের অনুসরণ শুরু হয়েছে। একই সঙ্গে সংঘের কর্তারা দাবি করেছেন যে ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথাবার্তা বলছেন তার মধ্যে এক অহংকার তৈরি হয়েছে। এবং এই ধরনের কথাবার্তা বিজেপিকে আগামী দিনে রাজ্যের মানুষের থেকে বিচ্ছিন্ন করবে। তিনি ভোট করাতে জানেন, কিভাবে ভোট করাতে হয় তিনি দেখিয়ে দেবেন, সবচেয়ে বেশি মার্জিনে নন্দীগ্রামে রেকর্ড ভোটে তার প্রার্থী জিতবে—এইসব কথা আরএসএস-এর সংঘ কর্তারা অনুমোদন করছেন না।

এর মধ্যে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপরও কেশব ভবন থেকে চাপ তৈরি করা হচ্ছে। রাজ্যে ক্ষমতা বদলের পর যেভাবে দ্রুত বিজেপি সমর্থন হারাচ্ছে, যেভাবে প্রতিদিন নানা ইস্যু এবং বিরোধীদের ওপর হামলা, দলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ঘটছে—এই হিংসাত্মক পরিবেশে রাজ্যের বিজেপি দলের ইমেজ নষ্ট হচ্ছে বলেই মনে করছে আরএসএস। যেভাবে সাধারণ মানুষ সমর্থন জুগিয়ে বিজেপিকে রাজ্যে ক্ষমতায় এনেছে, বিজেপির বর্তমান ভূমিকা তাকে হতাশ করছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন