পশ্চিমবঙ্গে বাল্যবিবাহ রুখতে কড়া পদক্ষেপ,১৮ বছরের নিচে বিয়েতে কী শাস্তি?জানুন আইন

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:১৮ বছরের নিচে বিয়ে রুখতে এবার আরও কড়া নজরদারি চালাবে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে বাল্যবিবাহের ঘটনা চিহ্নিত করতে প্রশাসনকে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। কোনও নাবালিকার বিয়ে হলে বিয়ে দেওয়া, বিয়ে করা বা বিয়েতে সাহায্য করা ব্যক্তিদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।আইন অনুযায়ী, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর। প্রাপ্তবয়স্ক কোনও পুরুষ ১৮ বছরের কম বয়সি মেয়েকে বিয়ে করলে বাল্যবিবাহ প্রতিরোধ আইনে জেল ও জরিমানার বিধান রয়েছে।
এদিকে,১৮ বছরের কম বয়সি কারও সঙ্গে যৌন সম্পর্কের ক্ষেত্রে POCSO আইন প্রযোজ্য হতে পারে। অপরাধের ধরন অনুযায়ী এই আইনে দীর্ঘমেয়াদি কারাদণ্ডের বিধান রয়েছে। নাবালিকা গর্ভবতী হলে মামলার পরিস্থিতি অনুযায়ী আরও কঠোর ধারা প্রয়োগ হতে পারে।
তবে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ‘বিয়ে করলেই ৩ বছরের জেল’ বা ‘গর্ভবতী করলেই সরাসরি মৃত্যুদণ্ড’—এই দাবি সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। কোন শাস্তি হবে, তা নির্ভর করবে নির্দিষ্ট ঘটনায় কোন আইন ও ধারা প্রযোজ্য হচ্ছে তার উপর।
