বিজেপি নেতা পরিচয় দিয়ে তোলাবাজি?স্বরূপনগরে গ্রেপ্তার যুবক,অভিযোগ ঘিরে চাঞ্চল্য
বসিরহাটের স্বরূপনগরে বিজেপি নেতা পরিচয় দিয়ে তোলাবাজি, হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সঞ্জয় দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাসানুজ্জামান,মানুষের মতামত:বসিরহাটের স্বরূপনগরে বিজেপি নেতা পরিচয় দিয়ে তোলাবাজি, হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম সঞ্জয় দাস। তিনি মালঙ্গপাড়ার দাসপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
অভিযোগ, সঞ্জয় নিজেকে বিজেপি নেতা পরিচয় দিয়ে স্বরূপনগর বিধানসভার বিভিন্ন এলাকায় তোলাবাজি করতেন। পাশাপাশি হুমকি দেওয়া, সরকারি কাজে বাধা সৃষ্টি করা এবং প্রশাসনিক আধিকারিকদের বদলির হুঁশিয়ারি দেওয়ার মতো অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ সঞ্জয় দাসকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তারের পর অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। অভিযোগগুলির সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।
