একদিকে কল্যাণের বিস্ফোরক মন্তব্য, অন্যদিকে থানায় বিজেপি!শান্তিপুরে কী ঘটল?
শান্তিপুরে তৃণমূলের বৈঠকের পর শুভেন্দু অধিকারীকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক। তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ বিজেপির।
স্নেহাশীষ মুখার্জি, মানুষের মতামত:নদিয়ার শান্তিপুরে তৃণমূলের একটি সাংগঠনিক বৈঠককে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। প্রাক্তন বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর বাড়িতে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা নেতৃত্ব, যুব ও আইটি সেলের কর্মীরা। বৈঠকে প্রধান বক্তা ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ‘গুন্ডা’ বলে মন্তব্য করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সম্পত্তি নিয়েও প্রশ্ন তোলেন কল্যাণ। তাঁর এই মন্তব্যের প্রতিবাদে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। বিজেপির অভিযোগ, একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে এ ধরনের মন্তব্যে তাঁর সম্মানহানি হয়েছে। তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি। একইসঙ্গে তাঁকে গ্রেফতারের দাবিও জানানো হয়েছে। ঘটনার জেরে শান্তিপুরে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ল। তবে অভিযোগের বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
