পর্যটকদের রাত্রিবাস বন্ধ:বনদপ্তরের সিদ্ধান্তে বক্সা-জয়ন্তীতে ক্ষোভ,রাস্তায় ১৮ গ্রামের বাসিন্দা!
আলিপুরদুয়ারের বক্সা পাহাড় ও জয়ন্তীতে পর্যটকদের রাত্রিবাসের অনুমতি না দেওয়ার অভিযোগ। বনদপ্তরের বিরুদ্ধে রাজাভাতখাওয়া বক্সা গেটে বিক্ষোভে ১৮ গ্রামের বাসিন্দারা।
তপন রায়,মানুষের মতামত:বনবস্তির বাসিন্দাদের উপর বনদপ্তরের অত্যাচারের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন বক্সা পাহাড়, জয়ন্তী-সহ মোট ১৮টি গ্রামের বাসিন্দারা। সোমবার রাজাভাতখাওয়া বক্সা গেটের সামনে জমায়েত হয়ে বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা।
বাসিন্দাদের অভিযোগ, গত ১৬ সেপ্টেম্বর জঙ্গল খুলে দেওয়া হলেও বক্সা পাহাড়ের বিভিন্ন গ্রাম এবং জয়ন্তী এলাকার হোমস্টেগুলিতে পর্যটকদের রাত্রিবাসের অনুমতি দেওয়া হচ্ছে না। এর ফলে পর্যটননির্ভর এলাকার মানুষের জীবিকা কার্যত সংকটের মুখে পড়েছে।
বক্সা পাহাড় ও জয়ন্তী এলাকার অধিকাংশ পরিবারই পর্যটন ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। হোমস্টে, গাড়ি পরিষেবা, গাইড এবং অন্যান্য পর্যটনকেন্দ্রিক কাজই তাঁদের আয়ের প্রধান উৎস।বিক্ষোভকারীদের বক্তব্য,‘‘আমাদের অন্য কোনও আয়ের উৎস নেই। পর্যটকদের রাত্রিবাস বন্ধ থাকলে আমাদের রুজি-রোজগারও বন্ধ হয়ে যাবে। পরিবার কীভাবে চালাব?’’দ্রুত সমস্যার সমাধান এবং পর্যটকদের রাত্রিবাসের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
