আকাশে নজরদারির নতুন যুগ! পোখরানে শুরু বায়ুসেনার ‘ড্রোনাথন-২০২৬’
জয়সলমেরের পোখরানে শুরু ভারতীয় বায়ুসেনার ‘ড্রোনাথন-২০২৬’। ২০টির বেশি সংস্থা নিয়ে ড্রোন, সোয়ার্ম প্রযুক্তি, বৈদ্যুতিন যুদ্ধ ও ড্রোন প্রতিরোধী ব্যবস্থা পরীক্ষা।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:জয়সলমেরের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে সোমবার শুরু হল ভারতীয় বায়ুসেনার প্রথম ‘ড্রোনাথন-২০২৬’। অনুষ্ঠানের উদ্বোধন করেন বায়ুসেনার উপপ্রধান এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রক, সমন্বিত প্রতিরক্ষা সদর দফতর, ভারতীয় সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা।
১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই তিন দিনের কর্মসূচিতে ২০টিরও বেশি প্রতিরক্ষা সংস্থা, নতুন উদ্যোগ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা এবং উদ্ভাবক অংশ নিচ্ছেন। বাস্তব যুদ্ধ পরিস্থিতির মতো পরিবেশে নজরদারি ও অনুসন্ধান, স্বয়ংক্রিয় অভিযান, দলবদ্ধ ড্রোন প্রযুক্তি, বৈদ্যুতিন যুদ্ধ এবং ড্রোন প্রতিরোধী ব্যবস্থা পরীক্ষা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রকাশ করা হয় ‘ভারতীয় বায়ুসেনার মানববিহীন বিমান ব্যবস্থা রূপরেখা’। এর মাধ্যমে ভবিষ্যতের প্রয়োজন অনুযায়ী দেশীয় শিল্প ও গবেষণা প্রতিষ্ঠানগুলিকে প্রযুক্তি উন্নয়নের দিশা দেওয়া হবে।প্রথম দিনেই দেশীয় ‘বায়ু উত্তম’ মানববিহীন বিমান চলাচল ব্যবস্থার সফল প্রদর্শন হয়। সামরিক ও বেসামরিক ড্রোন শনাক্ত ও অনুসরণ করতে সক্ষম এই ব্যবস্থা ভবিষ্যতে আকাশপথের নিরাপত্তা ও জননিরাপত্তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
