রবিবার, সেপ্টেম্বর 13, 2026
21:23:03 | কলকাতা

শুভেন্দুকে চাঁচাছোলা আক্রমণ শতরূপের, বুকস্টল বিতর্কে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি

জেলা ভিত্তিক সংবাদরাজনীতি

নবদ্বীপের সভা থেকে শুভেন্দু অধিকারীকে নিশানা শতরূপ ঘোষের। সিপিআইএমের পুজোর বুকস্টল বন্ধ করার চেষ্টা হলে আদালতে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিলেন বাম নেতা।

স্নেহাশীষ মুখার্জী, মানুষের মতামত: শারদোৎসবে সিপিআইএমের বুকস্টল ঘিরে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি।বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের জবাব দিতে গিয়ে নবদ্বীপের সভা থেকে তাঁকে তীব্র আক্রমণ করলেন বাম নেতা শতরূপ ঘোষ। একইসঙ্গে বুকস্টল বন্ধ করার চেষ্টা হলে পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

শনিবার সন্ধ্যায় নবদ্বীপের রাধাবাজার মোড় সংলগ্ন বিবেকানন্দ পার্কে ডিওয়াইএফআইয়ের সভায় বক্তব্য রাখেন শতরূপ। শুভেন্দুর স্টল বিতর্কের প্রসঙ্গ তুলে তাঁর দাবি, উৎসবের সময় বামপন্থীদের বুকস্টল নিয়ম মেনেই পুলিশের অনুমতি নিয়ে করা হয়। পুজো কমিটির দয়ার উপর তা নির্ভর করে না।

শতরূপের চ্যালেঞ্জ, বিজেপির ক্ষমতা থাকলে পুজো কমিটিকে সামনে না রেখে প্রশাসনিক নির্দেশে সরাসরি স্টল বন্ধ করে দেখাক। তাঁর অভিযোগ, পুলিশ-প্রশাসন দিয়ে এমন পদক্ষেপ করা হলে আদালতে আইনি লড়াই হবে এবং প্রশাসনকে তার জবাব দিতে হবে।সিপিআইএমের স্টলে স্বামী বিবেকানন্দের বই রাখা নিয়েও শুভেন্দুর প্রশ্নের জবাব দেন তিনি। শতরূপ বলেন, মার্ক্সবাদ ও বিপ্লবের বইয়ের পাশাপাশি বিবেকানন্দের লেখা এবং তাঁকে নিয়ে লেখা বইও বামেদের স্টলে থাকে।পাশাপাশি ভূপেন্দ্রনাথ দত্তের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।