রবিবার, সেপ্টেম্বর 13, 2026
21:24:05 | কলকাতা

২০২১-র ভোট-পরবর্তী হিংসার মামলায় বড় পদক্ষেপ,পাঁচ বছর পর বিজেপি কর্মীর দেহ উত্তোলন,হবে ময়নাতদন্ত!

জেলা ভিত্তিক সংবাদরাজনীতি

২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার মামলায় সন্দেশখালিতে পাঁচ বছর পর বিজেপি কর্মী আস্তিক চন্দ্র দাসের দেহ সমাধি থেকে তোলা হল। হবে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষা।

হাসানুজ্জামান,মানুষের মতামত:পাঁচ বছর পর সমাধি থেকে তোলা হলো মৃত বিজেপি কর্মী আস্তিক চন্দ্র দাসের দেহ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসার ঘটনায় তাঁর মৃত্যুকে ঘিরে ওঠা অভিযোগের ভিত্তিতে নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ।

উত্তর ২৪ পরগনার সন্দেশখালি-১ ব্লকের ন্যাজাট থানার কালীনগর অঞ্চলের ঝনঝনিয়া এলাকায় ২০২১ সালে এই ঘটনা ঘটে বলে পরিবারের দাবি। পরিবারের অভিযোগ, ভোটের পর আস্তিক চন্দ্র দাসকে মারধর করা হয়েছিল। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বাধা দেওয়া হয়। পরে বাড়িতেই তাঁর মৃত্যু হয় বলে পরিবারের দাবি। পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তা নিতে চায়নি। এমনকি মৃতদেহের ময়নাতদন্তও করা হয়নি বলে অভিযোগ। পরে ভয় দেখিয়ে দেহ সমাধিস্থ করতে বাধ্য করা হয়েছিল বলেও পরিবারের দাবি।

পরবর্তীতে ফের থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই এবার তদন্তে নেমে সমাধি থেকে দেহ তোলা হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহ উত্তোলনের পর তা ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পাশাপাশি ফরেনসিক পরীক্ষাও করা হবে। দীর্ঘ পাঁচ বছর পর ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কোনও নতুন তথ্য সামনে আসে কি না, সেটাই এখন দেখার। একই সঙ্গে ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার সঙ্গে এই মৃত্যুর কোনও যোগ ছিল কি না,তদন্তে তারও উত্তর মিলবে বলে আশা মৃতের পরিবারের।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।