মৌলিক অধিকার সুরক্ষায় আদালত কি পিছিয়ে পড়ছে? প্রশ্ন তুললেন বিচারপতি দীপক গুপ্ত
ভারতের বিচারব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি দীপক গুপ্ত। সংখ্যাগরিষ্ঠতাবাদ, মৌলিক অধিকার, জামিন ও বিচারপতি নিয়োগ নিয়ে কী বললেন তিনি?

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:ভারতের বিচারব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি দীপক গুপ্ত। তাঁর অভিযোগ, দেশের বিভিন্ন স্তরের আদালত ক্রমশ সংখ্যাগরিষ্ঠতাবাদের দিকে ঝুঁকছে। একই সঙ্গে মৌলিক অধিকার লঙ্ঘনের ঘটনায় বিচারব্যবস্থার সংবেদনশীলতাও কমছে বলে মন্তব্য করেছেন তিনি।
‘লাইভ ল’-এ প্রকাশিত একটি নিবন্ধে বিচারপতি গুপ্ত বলেন, একটি স্বাধীন ও নির্ভীক বিচারব্যবস্থা একটি মুক্ত গণতান্ত্রিক দেশের অন্যতম প্রধান ভিত্তি। দীর্ঘদিন ধরে বিচারাধীন বন্দিদের কারাবন্দি রাখার প্রবণতারও সমালোচনা করেন তিনি। তাঁর মতে, ‘জেল নয়, জামিন’—এই স্বীকৃত আইনি নীতি থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রে কারাবাসই যেন নিয়মে পরিণত হচ্ছে। নাগরিক স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের অধিকার সংক্রান্ত মামলায় আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন গুপ্ত। তাঁর বক্তব্য, বেশ কিছু ক্ষেত্রে সংবিধান-প্রদত্ত মৌলিক অধিকার যথাযথভাবে সুরক্ষিত হয়নি।
বিচারপতি নিয়োগের কলেজিয়াম ব্যবস্থার স্বচ্ছতার অভাব নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি উচ্চতর বিচারব্যবস্থায় পর্যাপ্ত প্রতিনিধিত্বের বিষয়টিও তুলে ধরেন।বিচারপতি গুপ্ত বলেন, অধিকাংশ বিচারপতিই সততা ও নীতিনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তবে তাঁর আশঙ্কা, বিচারব্যবস্থায় ‘কালো ভেড়া’র সংখ্যা বাড়ছে। প্রবীণ বিচারপতিদের আত্মসমালোচনা করে মানুষের আস্থা পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
