শনিবার, সেপ্টেম্বর 12, 2026
20:14:00 | কলকাতা

খাদ্য সুরক্ষা নিয়ে রাজ্যজুড়ে অভিযান, এরই মধ্যে খাদ্যে বিষক্রিয়ায় বসিরহাট জেলে অসুস্থ ১৮ বন্দি

Recent Newsজেলা ভিত্তিক সংবাদ

বসিরহাট উপ সংশোধনাগারে খাবার খেয়ে অসুস্থ ১৭-১৮ বন্দি। খবর পেয়ে চিকিৎসক দল জেলে পৌঁছে তাঁদের পরীক্ষা করে ওষুধ দেয়।বর্তমানে সকলের অবস্থা স্থিতিশীল।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:রাজ্যজুড়ে যখন খাদ্য সুরক্ষা নিয়ে চলছে বিশেষ অভিযান, ঠিক সেই সময় বসিরহাট উপ সংশোধনাগারে খাদ্যে বিষক্রিয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। সূত্রের খবর, সংশোধনাগারের খাবার খেয়ে প্রায় ১৭-১৮ জন বন্দি অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতির খবর পৌঁছয় স্বাস্থ্য দপ্তরে। এরপরই অসুস্থ বন্দিদের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করতে সংশোধনাগারের ভিতরে পৌঁছয় মেডিকেল টিম।

জানা গিয়েছে, অসুস্থ বন্দিদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক সমস্যা দেখা দেওয়ার পর সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে স্বাস্থ্য দপ্তরে খবর দেওয়া হয়। খবর পেয়ে উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক-২ (CMOH-II) ডা. অনুপম ভট্টাচার্যের নেতৃত্বে একাধিক চিকিৎসক-সহ মেডিকেল টিম বসিরহাট উপ সংশোধনাগারে পৌঁছয়। সেখানে বন্দিদের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

উল্লেখ্য, রাজ্যজুড়ে বর্তমানে খাদ্য সুরক্ষা নিয়ে বিশেষ নজরদারি চলছে। বিভিন্ন রেস্তোরাঁ, খাবারের দোকান ও খাদ্যপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পচা মাংস, বাসি খাবার, অস্বাস্থ্যকর রান্নাঘর-সহ নানা অনিয়মের অভিযোগে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমন আবহের মধ্যেই বসিরহাট উপ সংশোধনাগারে বন্দিদের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি নিয়ে।

তবে অসুস্থ বন্দিদের হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক। উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক-২ ডা. অনুপম ভট্টাচার্য জানান, প্রায় ১৭-১৮ জন বন্দি অসুস্থ হয়েছিলেন। চিকিৎসকরা তাঁদের চিকিৎসা করেছেন এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি নেই বলেও জানান তিনি। ঘটনাকে কেন্দ্র করে সংশোধনাগারে বন্দিদের খাবারের মান, রান্নার পরিবেশ এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে নতুন করে নজরদারির প্রয়োজন রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।