‘গরুর বার্থ সার্টিফিকেট’ চাওয়া ভুল,প্রকাশ্যে ক্ষমা চাইলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র
‘গরুর বার্থ সার্টিফিকেট’ চাওয়া ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র।গবাদি পশু পরিবহণে সরকারি নিয়ম ও প্রয়োজনীয় নথি মানার আবেদনও জানিয়েছেন তিনি।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:‘গরুর বার্থ সার্টিফিকেট’ চাওয়া নিয়ে বিতর্কের মুখে পড়ে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র। ঈদের সময় গবাদি পশু বোঝাই একটি গাড়ি আটকানোর ঘটনাকে কেন্দ্র করে তাঁর ওই মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনা ও ট্রোল।
রেখা পাত্র বলেন, “গরুর বার্থ সার্টিফিকেট চাওয়া আমার ভুল হয়েছে। ভুল করলে ক্ষমা চাইতে জানি। পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমি ক্ষমা চাইছি।” তাঁর এই বক্তব্যকে অনেকেই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হিসেবে দেখছেন। তবে শুধু ক্ষমা চেয়েই থামেননি বিধায়ক। গবাদি পশু বিক্রি ও পরিবহণের ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে চলার আবেদন জানিয়েছেন তিনি। তাঁর দাবি, গবাদি পশু পরিবহণের সময় ব্লক প্রাণীসম্পদ দফতর থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করা উচিত।
অল্পবয়সি গবাদি পশু বিক্রির ক্ষেত্রেও নিয়ম মানার পরামর্শ দিয়েছেন রেখা পাত্র। পাশাপাশি বাংলাদেশে গবাদি পশু পাচার নিয়েও সতর্ক করেছেন তিনি। তাঁর ক্ষমাপ্রার্থনার পর নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কেউ তাঁর ভুল স্বীকারকে ইতিবাচক পদক্ষেপ বললেও বিরোধীরা আগের মন্তব্য নিয়ে সরব হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় এবং রাজনৈতিক মহলেও চলছে জোর আলোচনা।
