শনিবার, সেপ্টেম্বর 12, 2026
15:15:51 | কলকাতা

জলের ওপর ইঁট ফেলে স্কুলে যাতায়াত! চন্দ্রকোনার প্রাথমিক বিদ্যালয়ে চরম দুর্ভোগ

Recent Newsজেলা ভিত্তিক সংবাদ

বর্ষায় ৫-৬ মাস জলমগ্ন চন্দ্রকোনার নিচন্যা প্রাথমিক বিদ্যালয়। দুটি ক্লাসরুম বন্ধ থাকায় ৫৮ জন পড়ুয়াকে একটি ঘরেই পড়াতে হচ্ছে। জলের ওপর ইঁট ফেলে যাতায়াত করছেন শিক্ষকরা।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বর্ষা এলেই জলমগ্ন হয়ে পড়ে স্কুল। ক্লাসরুম থেকে অফিসঘর—সর্বত্র জল থইথই। জলের ওপর ইঁট ফেলে যাতায়াত করতে হচ্ছে শিক্ষক ও পড়ুয়াদের। এমনই ছবি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের নিচন্যা প্রাথমিক বিদ্যালয়ে।

স্কুল সূত্রে জানা গিয়েছে, বর্ষার সময় প্রায় ৫-৬ মাস স্কুলের দুটি ক্লাসরুম জলের তলায় থাকে। ফলে ওই ঘর দুটি বন্ধ রাখতে হয়েছে। জায়গার অভাবে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৫৮ জন পড়ুয়াকে একটি ঘরেই তিনজন শিক্ষককে নিয়ে পড়াতে হচ্ছে। এতে পড়াশোনায় সমস্যা হচ্ছে।জলের কারণে বেঞ্চ,চেয়ার-টেবিল, আলমারি ও গুরুত্বপূর্ণ নথিপত্রও নষ্ট হচ্ছে। প্রধান শিক্ষককে নিজের হাতে থালা দিয়ে জল সরাতেও দেখা যায়।

স্কুল কর্তৃপক্ষের দাবি, রাস্তা উঁচু হওয়া এবং পাশের জলাশয় ভরাট হয়ে যাওয়ায় জল বের হতে পারে না। বহুবার শিক্ষা দপ্তরে আবেদন করেও সমস্যার সমাধান হয়নি।চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের অবর বিদ্যালয় পরিদর্শক কৌশিক ঘোষ জানিয়েছেন, বিষয়টি জেলা ও রাজ্য শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।