মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ,রাতারাতি অ্যাকশন!প্রতারণার মামলায় গ্রেপ্তার নিখিল রঞ্জন
চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে নিখিল রঞ্জন বিশ্বাসকে গ্রেপ্তার করল স্বরূপনগর পুলিশ।২০২৩ সালের অভিযোগের পর মুখ্যমন্ত্রীর দরবারে আবেদন জানান মাজার আলি।

হাসানুজ্জামান,মানুষের মতামত:চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন নিখিল রঞ্জন বিশ্বাস। স্বরূপনগর থানার চারঘাট এলাকার বাসিন্দা নিখিল রঞ্জন চারঘাট পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান বাসন্তী বিশ্বাসের স্বামী।
অভিযোগ,চাকরি দেওয়ার কথা বলে মাজার আলি-সহ বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছিলেন নিখিল রঞ্জন। টাকা লেনদেনের একটি ভিডিওও আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। ২০২৩ সালে মাজার আলি এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করেন। তাঁর দাবি, অভিযোগ করার পরও দীর্ঘদিন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
এরপর ২০২৬ সালে সরকার পরিবর্তনের পর মাজার আলি মুখ্যমন্ত্রীর জনতার দরবারে গিয়ে বিষয়টি জানান। তাঁর অভিযোগ শোনার পরই নিখিল রঞ্জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।
গ্রেপ্তারের ঘটনায় খুশি মাজার আলি। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে টাকা ফেরত ও বিচারের জন্য ঘুরেছেন। অবশেষে পুলিশের পদক্ষেপে তিনি আশার আলো দেখছেন। বিজেপি নেতা বৃন্দাবন সরকার বলেন, অপরাধের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। তবে নিখিল রঞ্জনের বিরুদ্ধে ওঠা অভিযোগ আদালতে প্রমাণিত হওয়া এখনও বাকি।
