শনিবার, সেপ্টেম্বর 12, 2026
12:43:58 | কলকাতা

নির্যাতন থেকে সম্পত্তি-বঞ্চনা-অভিযোগের পাহাড়!ছোট মেয়েকে নিয়ে পুলিশের দ্বারস্থ বিধবা 

Public Interest Newsজেলা ভিত্তিক সংবাদ

মানসিক-শারীরিক নির্যাতনের অভিযোগ, নাবালিকাকেও রেহাই দেওয়া হয়নি; এবার সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে থানায় নালিশ

স্নেহাশিস মুখার্জি| মানুষের মতামত: স্বামী মারা যাওয়ার পরও যেন শেষ হয়নি দুর্ভোগ। বিধবা হওয়ার পর থেকে শ্বশুরবাড়িতে একের পর এক মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন এক গৃহবধূ।অভিযোগ,সেই অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি তাঁর ছোট মেয়েও। এবার পারিবারিক সম্পত্তি থেকেও তাঁকে ও তাঁর মেয়েকে বঞ্চিত করার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা।

২০১২ সালে বিয়ে হয় রিঙ্কু ঘোষের। ২০১৮ সালে তাঁর স্বামী দীপঙ্কর ঘোষের মৃত্যু হয়। সেই সময় তাঁদের মেয়ের বয়স ছিল আনুমানিক তিন থেকে সাড়ে তিন বছর। স্বামীর মৃত্যুর পর মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকার সময় থেকেই নানা ধরনের মানসিক ও শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ| রিঙ্কুর অভিযোগ,সময়ের সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়। বিভিন্নভাবে হেনস্থা, গালিগালাজ এবং শারীরিক নির্যাতনের পাশাপাশি তাঁর নাবালিকা মেয়েকেও নানা সমস্যার মধ্যে পড়তে হয়েছে বলে দাবি। এমনকি নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে অতীতে POCSO মামলাও হয়েছিল বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে। বিষয়টি অবশ্য তদন্তসাপেক্ষ।

সম্পত্তি নিয়েও রয়েছে গুরুতর অভিযোগ। রিঙ্কুর দাবি, তাঁর শ্বশুর দীনবন্ধু ঘোষের মৃত্যুর পর পারিবারিক সম্পত্তির ক্ষেত্রে তাঁর ও তাঁর মেয়ের অধিকার উপেক্ষা করে পরিবারের অন্য সদস্য শুভঙ্কর ঘোষ সম্পত্তি নিজের নামে করে নেন। ফলে একদিকে স্বামীহারা হয়ে শ্বশুরবাড়িতে টিকে থাকার লড়াই, অন্যদিকে মেয়েকে নিয়ে নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা—সব মিলিয়ে পরিস্থিতি কঠিন হয়ে ওঠে বলে অভিযোগ।

এরই মধ্যে গত ৫ আগস্টের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। অভিযোগ,স্কুল থেকে বাড়ি ফেরার পর নাবালিকা মেয়েকে বাইরে দাঁড় করিয়ে রেখে বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে রাতে অভিযুক্তরা ফিরে এসে মা ও মেয়েকে গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রিঙ্কু ঘোষ। নির্যাতন থেকে শুরু করে নাবালিকার নিরাপত্তা এবং সম্পত্তি নিয়ে বঞ্চনার অভিযোগ—একাধিক বিষয় সামনে এনে পুলিশের কাছে বিচার ও নিরাপত্তার আবেদন জানিয়েছেন তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।