বৃহস্পতিবার, সেপ্টেম্বর 10, 2026
18:36:40 | কলকাতা

ভেবিয়া পঞ্চায়েতে ক্ষমতার পালাবদল, ঋতব্রতপন্থী শিবিরকে ১৯-০ ভোটে সরিয়ে ক্ষমতায় কালীঘাটপন্থী তৃণমূল

জেলা ভিত্তিক সংবাদরাজনীতি

হাসনাবাদের ভেবিয়া পঞ্চায়েতে অনাস্থা ভোটে ১৯-০ ব্যবধানে জয় সুনীল সরদারের। ঋতব্রতপন্থী তৃণমূলকে সরিয়ে সিপিএম,কংগ্রেস ও নির্দলের সমর্থনে কালীঘাটপন্থী তৃণমূলের হাতে গেল পঞ্চায়েত।

হাসানুজ্জামান,মানুষের মতামত:পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল এবার প্রকাশ্যে এল হাসনাবাদের ভেবিয়া গ্রাম পঞ্চায়েতে। এতদিন পঞ্চায়েতটি তৃণমূলের দখলে থাকলেও প্রধান অলিউল মণ্ডল ঋতব্রতপন্থী শিবিরের সঙ্গে ছিলেন। অনাস্থা ভোটের পর সেই বোর্ডের পরিবর্তন হয়ে এবার কালীঘাটপন্থী তৃণমূলের হাতে গেল পঞ্চায়েতের দায়িত্ব।

ভেবিয়া গ্রাম পঞ্চায়েতে মোট ২৭টি আসন। এর মধ্যে সিপিএমের ২, কংগ্রেসের ৩ এবং একজন নির্দল সদস্য রয়েছেন। পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূল বোর্ড গঠন করে এবং অলিউল মণ্ডল প্রধান হন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের অন্দরে কালীঘাটপন্থী ও ঋতব্রতপন্থী—দুই শিবিরের টানাপোড়েন তৈরি হয়। এরপর ভেবিয়া পঞ্চায়েতের প্রধান অলিউল মণ্ডল ঋতব্রতপন্থী শিবিরে যোগ দেন বলে দাবি।

প্রায় ১০ দিন আগে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। বুধবার হয় আস্থা ভোট। মোট ১৯ জন সদস্য ভোটে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ১৩ জন তৃণমূল সদস্যের পাশাপাশি সিপিএমের ২, কংগ্রেসের ৩ এবং এক নির্দল সদস্য ছিলেন। ভোটে ১৯-০ ব্যবধানে সুনীল সরদার নতুন প্রধান নির্বাচিত হন। ফলে ভেবিয়া পঞ্চায়েতে ঋতব্রতপন্থী শিবিরকে সরিয়ে কালীঘাটপন্থী তৃণমূলের নেতৃত্বে নতুন বোর্ড গঠিত হল।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।