বৃহস্পতিবার, সেপ্টেম্বর 10, 2026
19:28:17 | কলকাতা

নন্দীগ্রাম-রেজিনগরে মনোনয়ন শুরু,জোড়াফুলের দাবিদার দুই শিবির—চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের হাতে

রাজনীতি

নন্দীগ্রাম ও রেজিনগরে মনোনয়ন শুরু হলেও জোড়াফুল প্রতীক নিয়ে জট কাটেনি। কালীঘাট ও ঋতব্রতপন্থী দুই শিবিরের দাবিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় সিইও দপ্তর।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:নির্বাচনী বিজ্ঞপ্তি অনুযায়ী,নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনে বুধবার থেকেই শুরু হয়েছে মনোনয়ন পর্ব। কিন্তু তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীক নিয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি নির্বাচন কমিশন। ফলে প্রতীক নিয়ে অনিশ্চয়তায় রাজ্যের সিইও দপ্তরও কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

তৃণমূলের কালীঘাটপন্থী ও ঋতব্রতপন্থী—দুই শিবিরই জোড়াফুল প্রতীকের দাবি জানিয়েছে। বিষয়টি নিয়ে আদালতেও মামলা হয়েছে। যেহেতু প্রতীক সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের, তাই মনোনয়ন শুরু হলেও আপাতত পরিস্থিতির দিকে নজর রাখছে সিইও দপ্তর। এক পদস্থ আধিকারিকের বক্তব্য, মনোনয়ন পর্ব শুরুর আগেই বিষয়টি মিটে গেলে সুবিধা হতো। তবে ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তার আগে কমিশন সিদ্ধান্ত জানাতে পারে বলে আশা করা হচ্ছে।

রাজনৈতিক সূত্রের খবর, দুই শিবিরই নিজেদের প্রার্থীকে জোড়াফুল প্রতীকে মনোনয়ন দিতে পারে। কিন্তু কমিশন কোনও সিদ্ধান্ত না জানালে প্রতীক নিয়ে জটিলতা আরও বাড়তে পারে। নিয়ম অনুযায়ী, প্রতীক না পেলে প্রার্থীদের অন্য প্রতীকে লড়তে হতে পারে। দলীয় ইতিহাস ও প্রতিষ্ঠালগ্নের পরম্পরা বিচার করলে জোড়াফুল প্রতীকের দাবিতে কালীঘাটপন্থী শিবিরের পাল্লা ভারী বলে মনে করা হচ্ছে। তবে ঋতব্রতপন্থী শিবিরের বিধায়ক সংখ্যা বেশি। ফলে শেষ পর্যন্ত প্রতীক কার হাতে যায়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।