পুজোর ভিড়ের আগে শপিংমলে ফায়ার অডিট,নজরে ২৯টি মল
দুর্গাপুজোর আগে রাজ্যের ২৯টি শপিংমলে ফায়ার সেফটি অডিট শুরু করেছে দমকল বিভাগ।জরুরি বহির্গমন, অগ্নিনির্বাপক ব্যবস্থা, বৈদ্যুতিক সংযোগ ও এলপিজি নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত: সামনেই দুর্গাপুজো। উৎসবের মরসুমে শপিংমলগুলিতে ভিড় বাড়বে।তাই দুর্ঘটনা এড়াতে রাজ্যের ২৯টি শপিংমলে ফায়ার সেফটি অডিট শুরু করেছে পশ্চিমবঙ্গ দমকল বিভাগ।৯ থেকে ১৮ সেপ্টেম্বর ধাপে ধাপে এই পরিদর্শন চলবে। বুধবার কলকাতার ডায়মন্ড প্লাজা,সাউথ সিটি মল,অবনী মল-সহ পাঁচটি শপিংমলে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে।
অডিটে দেখা হচ্ছে, জরুরি বেরনোর পথ খোলা রয়েছে কি না এবং সেখানে কোনও জিনিস রেখে পথ আটকে রাখা হয়েছে কি না।পাশাপাশি ফায়ার অ্যালার্ম,স্প্রিংকলার, ফায়ার হাইড্র্যান্ট, স্মোক ডিটেক্টর ও অগ্নিনির্বাপক যন্ত্র ঠিকমতো কাজ করছে কি না,তাও পরীক্ষা করা হচ্ছে। শর্ট সার্কিট এড়াতে মলের বৈদ্যুতিক সংযোগ, ওয়্যারিং ও ট্রান্সফরমার রুমও খতিয়ে দেখা হবে। ফুড কোর্টে এলপিজি সিলিন্ডার ও দাহ্য পদার্থ ব্যবহারের নিরাপত্তার দিকেও নজর থাকবে। উৎসবের আগে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।
