দামোদরের চরে ফের কী মিলল?মাটি খুঁড়তেই আতঙ্ক, উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টার শেল!
সোনামুখীর দামোদর চরে ফের উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টার শেল। দুর্ঘটনা এড়াতে এলাকা ঘিরে পুলিশ সেনাবাহিনীকে খবর দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, নদীর চরে আরও বিস্ফোরক লুকিয়ে থাকতে পারে।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বাঁকুড়ার সোনামুখীতে দামোদর নদের চর থেকে ফের উদ্ধার হল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি মর্টার শেল। গতকাল বিকেলে স্থানীয় মৎস্যজীবীরা মাটিতে আংশিক গাঁথা অবস্থায় ধাতব সিলিন্ডার আকৃতির বস্তুটি দেখতে পান। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ভিড় জমে যায়। খবর দেওয়া হয় সোনামুখী থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা এড়াতে এলাকা ঘিরে ফেলে এবং সেনাবাহিনীকে খবর দেয়।
বাঁকুড়ায় এর আগেও দ্বারকেশ্বর ও দামোদর নদের চর থেকে একই ধরনের মর্টার শেল উদ্ধারের ঘটনা ঘটেছে। কয়েক বছর আগে সোনামুখীর ডিহিপাড়া এলাকায় দামোদরের চর থেকেই তিনটি মর্টার শেল উদ্ধার করে সেনাবাহিনী নিষ্ক্রিয় করেছিল। স্থানীয়দের আশঙ্কা, নদীর চরে আরও এমন বিস্ফোরক থাকতে পারে। তাঁদের দাবি,মানুষের জীবন-জীবিকা নির্ভরশীল দামোদরের চর ও নদীবক্ষে দ্রুত তল্লাশি চালানো হোক।
