ধুলাগড়ের পথে ‘নেশার চালান’,পাঁশকুড়াতেই শেষ যাত্রা

রাজকুমার বেরা,মানুষের মতামত:মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। গোপন খবরের ভিত্তিতে পাঁশকুড়ায় ১৬ নম্বর জাতীয় সড়ক থেকে প্রায় ১২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ওড়িশার এক বাসিন্দাকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) ও পাঁশকুড়া থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। মহৎপুর ফ্লাইওভারের কাছে ওড়িশার দিক থেকে আসা একটি সাদা গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। গাড়ির ভিতর থেকে ১০৮টি প্যাকেটে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাঁজার চালানটি ওড়িশা থেকে হাওড়ার ধুলাগড়ে নিয়ে যাওয়া হচ্ছিল। গন্তব্যে পৌঁছনোর আগেই পুলিশ তা আটক করে।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাজেয়াপ্তের প্রক্রিয়া চলছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের অন্য সদস্যদের খোঁজ চলছে। NDPS আইনে মামলা করা হবে বলে পুলিশ জানিয়েছে।
