দোকানে বেনিয়ম, সরাসরি ডাস্টবিনে মিষ্টি! বনগাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের কড়া পদক্ষেপ
বনগাঁয় একাধিক মিষ্টির দোকানে খাদ্য সুরক্ষা দপ্তর ও পৌরসভার যৌথ অভিযান। নিয়ম না মেনে খোলা রাখা প্রচুর মিষ্টি-তেলেভাজা ফেলে দেওয়ার নির্দেশ। খাবার ঢেকে রাখার পাশাপাশি প্রতিদিনের মিষ্টি প্রতিদিন বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:সোমবার সকালে বনগাঁ মহকুমার গাড়াপোতা ও বনগাঁ শহরের একাধিক মিষ্টির দোকানে যৌথ অভিযান চালাল রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তর ও বনগাঁ পৌরসভা। দোকানগুলিতে খাবারের মান ও স্বাস্থ্যবিধি খতিয়ে দেখেন আধিকারিকরা। অভিযোগ,বেশ কিছু দোকানে নিয়ম না মেনে খোলা অবস্থায় মিষ্টি ও তেলেভাজা রাখা হয়েছিল। সেগুলি সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে জানিয়ে ওই মিষ্টি ও খাবার ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
অভিযানের সময় দোকান মালিকদের খাদ্যসামগ্রী ঢেকে রাখার নির্দেশ দেন আধিকারিকরা। পাশাপাশি প্রতিদিন তৈরি করা মিষ্টি প্রতিদিনই বিক্রি করার পরামর্শ দেওয়া হয়েছে। দীর্ঘক্ষণ খোলা অবস্থায় বা পুরনো মিষ্টি বিক্রি না করার বিষয়েও সতর্ক করা হয়। আগামী দিনেও নিয়ম মেনে খাদ্যসামগ্রী বিক্রি হচ্ছে কি না, তা দেখতে অভিযান চলবে বলে জানানো হয়েছে।
