গঙ্গার গ্রাসে ভুতনি, কেশরপুরের বাঁধ ভেঙে বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা
ভুতনিতে গঙ্গার জল চরম বিপদসীমার উপর, কেশরপুরের বাঁধ ভেঙে ২৫টিরও বেশি গ্রাম প্লাবিত।জলবন্দি ১৫ হাজার মানুষ।সাতটি ত্রাণশিবির খুলে উদ্ধারকাজে তৎপর প্রশাসন।

তপন রায়,মানুষের মতামত:ভুতনিতে প্রতিনিয়ত বাড়ছে গঙ্গার জলস্তর। ইতিমধ্যেই চরম বিপদসীমার উপর দিয়ে বইছে নদী। কেশরপুরের বাঁধ ভেঙে প্রায় ২৫টিরও বেশি গ্রাম জলমগ্ন। দুর্লভটোলা, ভুবনটোলা, কেদারটোলা, মানিকনগর-সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে,জলবন্দি প্রায় ১৫ হাজার মানুষ। পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রীর নির্দেশে মানিকচকে রয়েছেন তিন রাজ্যের তিন প্রতিমন্ত্রী। মানিকচক থেকেই পরিস্থিতির তদারকি করছেন তাঁরা। তাঁদের সহযোগিতা করছেন মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল। ইতিমধ্যে সাতটি ত্রাণশিবির খোলা হয়েছে। বাঁধের উপর আশ্রয় নেওয়া প্রায় ৪০০ পরিবারের হাতে শুকনো খাবার তুলে দেওয়া হয়েছে। জলবন্দিদের উদ্ধারে তৎপর প্রশাসন। তবে অনেকেই বাড়ি ছাড়তে চাইছেন না। জলস্তর আরও বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা।
