তিন বছরেও সারেনি রাস্তা!জলে মাছ ধরে, ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ
মালদার ডারল গ্রামে তিন বছরেও রাস্তা সংস্কার হয়নি। জমা জলে মাছ ধরে ও ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।দ্রুত সংস্কারের দাবি তাঁদের।

তপন রায়,মানুষের মতামত: বর্ষা এলেই হাঁটুসমান জলে ডুবে যায় গ্রামের রাস্তা। তিন বছর ধরে রাস্তার এই দুরবস্থা চললেও সংস্কারে প্রশাসনের উদ্যোগ নেই বলে অভিযোগ গ্রামবাসীদের। মালদার হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডারল গ্রামের বাসিন্দারা তাই অভিনব প্রতিবাদে সামিল হন। রাস্তার জমা জলে জাল ফেলে মাছ ধরার পাশাপাশি ধানের চারা রোপণ করে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে নিকাশি নালা না থাকায় বৃষ্টির জল বের হতে পারে না। ফলে জল-কাদায় যাতায়াত কঠিন হয়ে পড়েছে। মশা-মাছির উপদ্রবও বাড়ছে। এই রাস্তা দিয়েই স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেতে হয়। শিশু, পড়ুয়া, অসুস্থ ও প্রসূতিদের সমস্যায় পড়তে হচ্ছে। দ্রুত রাস্তা সংস্কার ও নিকাশি ব্যবস্থা তৈরির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।
