একসময় শতাধিক পড়ুয়ার কোলাহল,এখন ভূতুড়ে স্কুল!ফের খোলার দাবিতে সরব গ্রামবাসী
সাকচুড়ার শিশু শিক্ষা কেন্দ্র দীর্ঘ ৫–৬ বছর বন্ধ। ভগ্নদশা স্কুলে মদের ঠেকের অভিযোগ উঠেছে।ভবন সংস্কার করে দ্রুত স্কুল চালুর দাবিতে সরব গ্রামবাসীরা।

হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট-১ ব্লকের সাকচুড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের সাকচুড়া গ্রামে দীর্ঘদিন ধরে বন্ধ শিশু শিক্ষা কেন্দ্র। স্থানীয়দের দাবি, করোনা পরবর্তী সময় থেকেই স্কুলে পড়ুয়া আসা বন্ধ হয়ে যায়। এরপর ধীরে ধীরে স্কুল ভবনটি ভগ্নদশায় পরিণত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, স্কুল বন্ধ থাকায় সেখানে মদের আসর বসে। জানলা-দরজা ভাঙা এবং স্কুলের বিভিন্ন জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। ২০০০ সালে বাম আমলে তৈরি একতলা ভবনে প্রথমে প্রায় ২৫ জন পড়ুয়া ছিল। পরে পড়ুয়ার সংখ্যা শতাধিক হওয়ায় তৃণমূল আমলে দোতলা ভবন তৈরি হয়।
তবে পড়াশোনার মান ও খাবারের গুণমান নিয়ে অভিযোগের জেরে অনেক অভিভাবক সন্তানদের অন্য স্কুলে ভর্তি করেন। বর্তমানে স্কুল সংস্কার করে ফের চালুর দাবিতে সরব গ্রামবাসীরা।
