মোরাদাবাদে রাস্তায় নামাজ পড়ার অভিযোগ,সপা বিধায়কের কাকার বিরুদ্ধে মামলা
মোরাদাবাদে রাস্তায় নামাজ পড়ার অভিযোগে সপা জেলা সহ-সভাপতি হাজি মহম্মদ উসমানের বিরুদ্ধে FIR। BNS-র ২৮৫ ও ২৯২ ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্নেহাশিস মুখার্জি, মানুষের মতামত: উত্তরপ্রদেশের মোরাদাবাদে সার্কিট হাউসের কাছে রাস্তায় নামাজ পড়ার অভিযোগে সমাজবাদী পার্টির জেলা সহ-সভাপতি হাজি মহম্মদ উসমানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, জনসাধারণের চলাচলের রাস্তায় নামাজ পড়ে যান চলাচলে বাধা ও জনদুর্ভোগ তৈরি করা হয়েছিল। হাজি মহম্মদ উসমান বিলারি বিধানসভা কেন্দ্রের সপা বিধায়ক মহম্মদ ফহিম ইরফানের কাকা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের তরফে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ২৮৫ এবং ২৯২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই দুই ধারায় জনসাধারণের রাস্তা ব্যবহারে বাধা, বিপদ সৃষ্টি এবং জনশান্তি বা জনসাধারণের অসুবিধা সংক্রান্ত অভিযোগের বিষয় রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের সত্যতা ও ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
